
মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে চলমান অচলাবস্থা বিশ্বজুড়ে অর্থনৈতিক উদ্বেগ বাড়িয়ে তুলেছে। বৈশ্বিক জ্বালানি পরিবহণের অন্যতম প্রধান এই রুটে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা ক্রমেই তীব্র হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে প্রায় দুই হাজার জাহাজ এবং প্রায় ২০ হাজার নাবিক পারস্য উপসাগরে আটকা পড়ে আছেন। তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতির অপেক্ষায় থাকলেও নিরাপত্তা ঝুঁকির কারণে কার্যত এই পথ বন্ধ হয়ে আছে।
গত মার্চ মাসে আন্তর্জাতিক সামুদ্রিক বীমা প্রতিষ্ঠানগুলো এই রুটকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ট্যাংকার জাহাজের জন্য যুদ্ধ ঝুঁকি বীমা বাতিল করে দেয়। ফলে অনেক জাহাজ চলাচলের উপযোগী থাকলেও বীমা সুরক্ষা না থাকায় বাস্তবে যাত্রা স্থগিত রাখতে বাধ্য হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, জলপথে পেতে রাখা নৌ-মাইন অপসারণ করতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে। এর আগে নিরাপদভাবে জাহাজ চলাচল নিশ্চিত করা সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, মাইন অপসারণের পরও দীর্ঘ সময় ধরে বীমা ব্যয় উচ্চ পর্যায়ে থাকতে পারে। স্থায়ী রাজনৈতিক বা সামরিক সমঝোতা না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটার সম্ভাবনা কম।
বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশের বেশি এই প্রণালির ওপর নির্ভরশীল। ফলে এখানে দীর্ঘস্থায়ী সংকট বৈশ্বিক জ্বালানি বাজার এবং সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, নিজেদের নাবিকদের নিরাপত্তা বিবেচনায় তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নেয়নি ইরান। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইতোমধ্যে একটি কন্টেইনারবাহী জাহাজের ছয় নাবিককে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।
তবে এখনো বাকি নাবিকরা বিদেশি বাহিনীর হেফাজতে রয়েছেন। তাদের মুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র: আলজাজিরা ও তাসনিম নিউজ এজেন্সি
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন