
গণহত্যা চালানোর পরও যারা দুঃখ প্রকাশ বা অনুশোচনা করেননি এবং গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দিল্লিতে অবস্থান করছেন, তাঁদের আর বাংলাদেশে ফিরে রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলাম বাবুনগর মাদ্রাসার বার্ষিক মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও আদর্শের ভিন্নতা থাকলেও দেশের মানুষকে হত্যা, গণহত্যা এবং আলেম-ওলামাদের রক্ত ঝরানোর সঙ্গে জড়িতদের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশের মানুষ তাদের আর রাজনীতি করার সুযোগ দেবে না।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর সময় লেগেছে। আর ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে ১৭ বছর লেগেছে। এ আন্দোলনে আলেম-ওলামারাও রক্ত দিয়েছেন। শাপলা চত্বরে নিহতদের অনেকের নাম ও কবরের ঠিকানা এখনো জানা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে হতাহতের সংখ্যা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। তাঁর দাবি, এর আগে ১৬-১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন এবং প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। লাখ লাখ মানুষ হামলা-মামলা ও নিপীড়নের মুখে পড়েছেন।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের একজন ছিলেন তিনি নিজেও। আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় বেঁচে আছেন বলে উল্লেখ করেন তিনি।
সংবিধান প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করা হবে। সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে এ বিষয়টি পুনরায় ধারণ করার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ সংযোজন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি প্রতিষ্ঠায় তাঁরা কাজ করেছেন। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চান তাঁরা।
ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করা কয়েকটি গোষ্ঠীর কর্মকাণ্ডের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের কাজে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন দেখা যায় না। বরং তারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ইসলামী মূল্যবোধের বিষয়গুলো সংবিধানে ধারণ করার কথাও জানান তিনি।
আন্দোলনের নামে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের সমালোচনা করা যেতে পারে, তবে তা গঠনমূলক হওয়া উচিত। সরকারের সঙ্গে অসহযোগিতা করা গেলেও দেশের মানুষের বিরুদ্ধে অসহযোগিতা করা উচিত নয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ফটিকছড়ির সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন