
শ্রমিকদের দাবি-দাওয়াকে সামনে রেখে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শ্রমিকরা কখনো নিজেদের কর্মস্থল ও জীবিকার ক্ষতি করতে পারেন না। অথচ একটি মহল বিভিন্ন শিল্পকারখানায় ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে বলে দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, গত ৫০ বছরে দেশে গড়ে ওঠা শিল্পকারখানাগুলো বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। এসব প্রতিষ্ঠানে লাখ লাখ শ্রমজীবী মানুষ কাজ করেন। শিল্পকারখানাগুলো দেশের সম্পদ, জনগণের সম্পদ। তাই কোনো শ্রমিক নিজের কর্মস্থল ও জীবিকার ক্ষতি করতে পারেন না।
তিনি আরও বলেন, গত ১৫-১৬ বছরে একটি মহল মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। বরং মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচারের সঙ্গে তারা জড়িত ছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমানের দাবি, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা এখন সীমান্তের ওপার থেকে কলকাঠি নাড়ছেন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।
শ্রমিকদের মজুরি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সম্পর্কে সরকার অবগত রয়েছে। এসব দাবি বিবেচনা ও পর্যালোচনার জন্য ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ড কাজ শুরু করেছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে, যাতে শ্রমজীবী মানুষ ভালো থাকতে পারেন।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন