
রাজধানীর মিরপুর-১১ এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকরা মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ফের সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। জবাবে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে।
শ্রমিক আন্দোলনের কারণে মিরপুর মেট্রোরেল স্টেশন বন্ধ রয়েছে।
এদিকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দেশের প্রধান তিনটি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা এবং শ্রমিকদের কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় রাজধানীর মিরপুর, গাজীপুর-ময়মনসিংহ এবং সাভার-আশুলিয়া-জিরানী অঞ্চলের ৬৭৯টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে কাজ না করেই বাসায় ফিরতে বাধ্য হয়েছেন ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ জন শ্রমিক।
সোমবার বিজিএমইএ সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিজিএমইএর হিসাব অনুযায়ী, দেশের পাঁচটি শিল্পাঞ্চলে মোট দুই হাজার ১৩৪টি কারখানার মধ্যে এক হাজার ৪৫৫টি খোলা ছিল। সোমবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া তথ্যে, শ্রমিক অসন্তোষের কারণে বিভিন্ন এলাকার ৬৭৯টি কারখানা বন্ধ ছিল।
সূত্র জানায়, মিরপুর, গাজীপুর, ময়মনসিংহ, সাভার, আশুলিয়া, জিরানী বাজার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মোট দুই হাজার ১৩৪টি কারখানা রয়েছে। এর মধ্যে এক হাজার ৪৫৫টি কারখানা চালু থাকলেও ৬৭৯টি কারখানার শ্রমিকরা কাজে অংশ না নিয়ে বেরিয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
মিরপুরের ৩২০টি কারখানার মধ্যে ৫৫টি কারখানা থেকে শ্রমিকরা বের হয়ে যান। এতে কাজ বন্ধ রাখেন ৫৩ হাজার ৮৪০ জন শ্রমিক।
গাজীপুর ও ময়মনসিংহ এলাকার ৮৩৬টি কারখানার মধ্যে ৩৮২টি বন্ধ ছিল। অন্যদিকে সাভার, আশুলিয়া ও জিরানী শিল্পাঞ্চলের ৪৪১টি কারখানার মধ্যে ২২৩টি কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রাখেন। এ অঞ্চলে কর্মবিরতিতে অংশ নেওয়া শ্রমিকের সংখ্যা সাত লাখ ৪৩ হাজার।
নারায়ণগঞ্জের ১৯৯টি কারখানার মধ্যে ৯টি কারখানা থেকে শ্রমিকরা বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে চট্টগ্রামের ৩৪০টি কারখানায় কোনো শ্রমিক অসন্তোষ বা কাজ বন্ধের ঘটনা ঘটেনি বলে বিজিএমইএ সূত্র জানিয়েছে।
শিল্পাঞ্চলগুলোতে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন