
বাংলাদেশের টেলিভিশন নাটকে রাজনৈতিক ব্যঙ্গ ও কমেডির মিশেলে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ধারাবাহিক ‘৪২০’। ২০০৭ সালে প্রচারিত এই সিরিজের জনপ্রিয়তার রেশ কাটতে না কাটতেই দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে এর সিক্যুয়েল ‘৮৪০’ নিয়ে হাজির হন নির্মাতা। সেটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে।
এবার সিরিজটির তৃতীয় কিস্তি নিয়ে নতুন ইঙ্গিত দিয়েছেন ফারুকী। সম্ভাব্য নাম হতে পারে ‘১৬৮০’।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একটি ছবি পোস্ট করেন নির্মাতা। ছবিটি ঘিরে শুরু হয় নানা আলোচনা। অনেকের ধারণা, নতুন কোনো কাজের শুটিংয়ে একসঙ্গে হয়েছেন তারা।
ছবির ক্যাপশনে ফারুকী লেখেন, ‘৪২০ হইছে। ৮৪০ও ডান। টাইম ফর ১৬৮০? সম্মানিত গাইজ?’
নির্মাতার এই বক্তব্য থেকেই দর্শকের ধারণা, ‘৪২০’ ও ‘৮৪০’-এর ধারাবাহিকতায় এবার ‘১৬৮০’ নিয়ে আসতে পারেন তিনি। আর সেই যাত্রায় তার সঙ্গে থাকছেন মোশাররফ করিম।
তবে নতুন প্রকল্পটি সিনেমা, নাকি ধারাবাহিক হিসেবে নির্মিত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি ফারুকী।
নতুন কাজের বিষয়ে জানতে চাইলে রহস্যের জট খোলেননি মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘আমি ফেসবুকে যতটুকু লিখেছি, ওটাই। এর চেয়ে বেশি আমি এখনই বলতে চাচ্ছি না।’
‘৪২০’-এর গল্পে দেখা গিয়েছিল, দুই চোর ঢাকায় এসে কীভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। এতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান ও মারজুক রাসেলসহ অনেকে।
অন্যদিকে, ‘৮৪০’-এ উঠে আসে ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতাদের ঘিরে গল্প। এতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন নাসির উদ্দিন খান। পাশাপাশি ছিলেন ফজলুর রহমান বাবু, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল ও জাকিয়া বারী মমসহ আরও অনেকে।
‘১৬৮০’ নিয়ে নির্মাতার ইঙ্গিতের পর এখন দর্শকের অপেক্ষা নতুন এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণার। শেষ পর্যন্ত এটি কোন মাধ্যমে এবং কী গল্প নিয়ে আসবে, তা এখনো স্পষ্ট নয়।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন