
শিশুদের শৈশব থেকেই দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিশুরা দলগত কাজ, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং মানুষের সেবায় আত্মনিয়োগের শিক্ষা পায়। এসব গুণ একজন শিশুকে ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
রোববার (১ আগস্ট) সন্ধ্যার পর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটনের আয়োজনে ‘৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরি ২০২৬’-এর মহা তাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মূল লক্ষ্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়; বরং শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করা। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্কাউটিং ও সহশিক্ষামূলক কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং নেতৃত্বের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষায় এসব কার্যক্রমকে আরও উৎসাহিত করা প্রয়োজন। শিশুরা যেন আনন্দের মধ্য দিয়ে শিখতে পারে এবং নিজেদের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়, সে বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন