
বিএনপি ও আওয়ামী লীগ—উভয় দলই সংসদীয় আসন এবং মন্ত্রিত্বের প্রস্তাব দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিজেদের জোটে যুক্ত করতে চেয়েছিল বলে দাবি করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তবে ক্ষমতার লোভে কোনো জোটে যুক্ত হননি বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট গঠনের সম্ভাবনা নেই বলেও ইঙ্গিত দিয়েছেন চরমোনাই পীর।
রোববার (১ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, ‘হয়তো ২০-৩০টি এমপি কিংবা এক-দুটি মন্ত্রিত্বের প্রয়োজন হলে এবং আমাদের লোভ থাকলে জামায়াতের সঙ্গে থেকে কেন এমপি হতে হবে? বিএনপি তো আমাদের সেই প্রস্তাব দিয়ে রেখেছিল। আওয়ামী লীগও সেই প্রস্তাব দিয়েছিল; আমরা লোভ করিনি।’
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করে না। দেশ, ইসলাম ও মানুষের কল্যাণই তাদের রাজনীতির মূল লক্ষ্য। নির্ভেজাল সত্যের পথে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চান তারা।
৩০০ আসনে প্রার্থী দিয়ে সাড়ে ২২ লাখের বেশি ভোট
জাতীয় নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে মুফতি রেজাউল করীম বলেন, কঠিন পরিস্থিতিতেও ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্সে সাড়ে ২২ লাখের বেশি ভোট পড়েছে। এমন ফল তারা আগে কল্পনাও করেননি বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচনে প্রত্যাশিত ফল না এলেও হতাশ হননি কিংবা রাজনৈতিক লক্ষ্য থেকে সরে যাননি বলে জানান দলীয় আমির। তার ভাষায়, পরাজয় বা ভরাডুবি রাজনীতিতে স্বাভাবিক বিষয়। তবে আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের আদর্শিক অবস্থানে রয়েছে।
তিনি আরও দাবি করেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর ইসলামের নামে রাজনীতি করা দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। নির্ভেজাল ইসলামের আদর্শের রাজনীতিতে দলটির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার
নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ তুলে চরমোনাই পীর বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ইশতেহার প্রকাশ করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম ও শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার স্পষ্টভাবে তুলে ধরেছে।
তিনি বলেন, জাতীয় টেলিভিশনে নির্বাচনী ইশতেহার প্রকাশের সময় তারা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন—ক্ষমতায় গেলে ইসলাম ও শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবেন।
ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভীতি ও ভুল ধারণা রয়েছে উল্লেখ করে রেজাউল করীম বলেন, অনেকেই ইসলাম শব্দ শুনলে আতঙ্কিত হন। অথচ ইসলাম একটি আদর্শ, যা মানুষের কল্যাণের কথা বলে।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার নেতাকর্মী ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন