
আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে লোডশেডিং কিছুটা কমানোর আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ লক্ষ্যে সরকার সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার বাড়াতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
আগামী ৩ থেকে ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর আয়োজন ও বিভিন্ন দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ‘আশা করি আগামী গ্রীষ্মে সোলার দিয়ে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারব। সোলারকে এগিয়ে নিতে আমরা নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।’
তিনি জানান, গত আট মাস ধরে সৌরবিদ্যুতের প্রসারে কাজ করছে সরকার। এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই আয়োজন করা হচ্ছে সোলার এক্সপো।
ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকারিভাবে এ ধরনের আয়োজন দেশে এবারই প্রথম। এতে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত থাকবেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নিজের বাসভবনে গ্রিডের বিদ্যুৎ ব্যবহার না করে অফ-গ্রিড ব্যবস্থায় চলে গেছেন।
জ্বালানির ক্রমবর্ধমান দামের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, জ্বালানির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে পৌঁছেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সৌরবিদ্যুতের দিকে এগিয়ে যেতে হবে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, দেশে বিদ্যুতের চাহিদা বাড়ার পাশাপাশি জ্বালানি সরবরাহ ও দামের অনিশ্চয়তা বিদ্যুৎ খাতের জন্য বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়ানো গেলে দিনের বেলায় জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সহায়ক হতে পারে। তবে আগামী গ্রীষ্মে লোডশেডিং কতটা কমবে, তা নির্ভর করবে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন, উৎপাদন সক্ষমতা এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনার ওপর।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন