
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবে।
পুনর্নিরীক্ষণের ফল তিনভাবে জানা যাবে। প্রথমত, স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে আবেদনকারীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে।
এ ছাড়া নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানা যাবে। এজন্য আবেদনকারীদের পুনর্নিরীক্ষণের ফল জানার ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছে।
এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে আনুমানিক ২ লাখ ৭৭ হাজার ৬০০টি, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭১ হাজার ৬৬টি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ১৪ হাজার ৭০৬টি এবং রাজশাহী শিক্ষা বোর্ডে লিখিত বিষয়ে ৯৮ হাজার ১৭০টি ও ব্যবহারিকে ২৪ হাজার ৫৮টি আবেদন পড়েছে।
যশোর শিক্ষা বোর্ডে মোট ৭৪ হাজার ৭১৭টি, বরিশাল শিক্ষা বোর্ডে ৫০ হাজার ১৫৩টি এবং সিলেট শিক্ষা বোর্ডে লিখিত বিষয়ে ৫০ হাজার ৭১০টি ও ব্যবহারিক বিষয়ে ১০ হাজার ২৬৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট ৮৯ হাজার ২৮৬টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন পড়েছে।
এ ছাড়া কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পুনর্নিরীক্ষণের আবেদন করা খাতার পৃথক সংখ্যা পাওয়া যায়নি।
এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। গত ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন চলবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত।
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন