
‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। সংগঠনটির নেতাকর্মীরা শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁর পদত্যাগের দাবি জানান।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী বলে বিবেচিত ট্রান্সজেন্ডারিজমের পক্ষে শিক্ষামন্ত্রী বক্তব্য দিয়েছেন—এমন অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছে।
এর আগে গত বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করে সমালোচনার মুখে পড়েন শিক্ষামন্ত্রী।
এ বিষয়ে শুক্রবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেছেন। তাঁর সাফল্যকে স্বাগত জানানো এবং তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করার প্রসঙ্গেই তিনি কথা বলেছিলেন।
মন্ত্রী বলেন, সমাজে তৃতীয় লিঙ্গের অনেক মানুষ অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হন। এসব বাধা পেরিয়ে তাঁদের শিক্ষায় এগিয়ে আসার বিষয়টিই ছিল তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য।
ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, বক্তব্য দেওয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছেন। তাঁর অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’।
শিক্ষামন্ত্রীর এই ব্যাখ্যার পরও তাঁর বক্তব্যকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ। সংগঠনটি তাঁর পদত্যাগের দাবি জানিয়েছে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন