
সাংবাদিককে হেনস্তা, অশালীন ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এবং জাতীয় সংগীতের সঙ্গে আপত্তিকর বক্তব্য প্রকাশের ঘটনায় চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) পরীমনি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। তিনি অ্যাডভোকেট হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশালীন বক্তব্য, হুমকি ও আপত্তিকর অঙ্গভঙ্গি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরীমনির বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে প্রয়োজনীয় সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান পরীমনি।
নোটিশদাতার অভিযোগ অনুযায়ী, সকাল ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকেরা ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে পরীমনির নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এ সময় পরীমনি সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। তাঁর ভিডিও ধারণে ব্যবহৃত ট্রাইপডটি নিরাপত্তাকর্মীরা ভেঙে ফেলেন বলেও অভিযোগ করা হয়।
নোটিশে আরও বলা হয়, ওই দিনের ধাক্কাধাক্কিতে জাগো নিউজের প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার, আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন এবং টাইমস টুডের শাহ রিয়াজ আহত হন। এ ছাড়া সুজন চন্দ্র মণি দাস নামের এক বিচারপ্রার্থীও আহত হন বলে উল্লেখ করা হয়েছে।
নোটিশদাতার দাবি, আদালত প্রাঙ্গণে সাংবাদিক রবিউল হোসাইনের সঙ্গে পরীমনি উত্তপ্ত বাক্যবিনিময় করেন এবং তাঁকে অশালীন ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেন। এ ঘটনার ভিডিও গণমাধ্যমে প্রচারিত হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
আইনি নোটিশে পরীমনির ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৬ নভেম্বর প্রকাশিত একটি পোস্টের বিষয়েও আপত্তি জানানো হয়েছে। নোটিশদাতার অভিযোগ, ওই পোস্টে বাংলাদেশের জাতীয় সংগীতের সঙ্গে অশালীন বক্তব্য যুক্ত করা হয়েছিল।
নোটিশে বলা হয়, একজন পরিচিত চলচ্চিত্রশিল্পী হিসেবে পরীমনির আচরণ শিশু-কিশোর ও তরুণদের ওপর প্রভাব ফেলতে পারে। সাংবাদিককে হেনস্তা, হুমকি এবং জাতীয় সংগীতের সঙ্গে আপত্তিকর বক্তব্য প্রকাশের মতো কর্মকাণ্ড তাঁর কাছ থেকে প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন আইনজীবী।
নোটিশে বাংলাদেশের জাতীয় সংগীত, পতাকা ও প্রতীকের বিষয়ে প্রচলিত আইন এবং দণ্ডবিধির কয়েকটি ধারার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃত অপমান ও মানহানিসংক্রান্ত বিধান রয়েছে।
আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার নোটিশে দাবি করেন, পরীমনির বিরুদ্ধে অভিযোগগুলোর পরও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে কোনো সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এতে সমিতির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নোটিশে নির্ধারিত সাত দিনের মধ্যে ক্ষমা প্রার্থনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পরীমনি বা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন