
ইসরাইলের নির্বাচনে কোনো দল বা জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে নতুন সরকার গঠনে জোটের সমীকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের পর এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহুর আশঙ্কা, বিরোধী দলগুলোর সঙ্গে আরব দলগুলোর সম্ভাব্য জোট ইসরাইলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। তার দাবি, ইসলামপন্থি দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল সরকার ভেতর থেকেই ইসরাইলকে দুর্বল করে দেবে।
শনিবার (৭ নভেম্বর) এক ভিডিওবার্তায় এসব মন্তব্য করেন নেতানিয়াহু। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সরকার গঠনের দায়িত্ব দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার আগে তার এ বক্তব্য আসে।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনে নেতানিয়াহুর কট্টর ডানপন্থি জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর তাকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলো আলোচনা চালাচ্ছে।
বিরোধী শিবিরের নেতৃত্বে রয়েছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। সরকার গঠনের জন্য তিনি অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে জোটের সম্ভাবনাও বিবেচনা করছেন। পাশাপাশি মধ্যপন্থি ইসলামপন্থি দল রা’আমের সমর্থন এবং আরব সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্টের বাইরের সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
নেতানিয়াহু বলেন, ‘ইসলামপন্থিদের ওপর নির্ভরশীল এমন সরকার ভেতর থেকেই ইসরাইল রাষ্ট্রকে ভেঙে ফেলবে। ইউরোপের দেশগুলোতে যা ঘটছে, তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।’
এর আগে বৃহস্পতিবার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ জানান, সরকার গঠনের দায়িত্ব আইজেনকটকে দেওয়াই যৌক্তিক হতে পারে। সংসদের ৬৭ জন সদস্য আইজেনকটের পক্ষে সুপারিশ করেছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে রয়েছেন ৪৬ জন আইনপ্রণেতা।
এদিকে দুই শিবিরের দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনাও বিবেচনা করছেন প্রেসিডেন্ট হারজগ। শনিবার নেতানিয়াহুও এমন সরকার গঠনের আহ্বান জানান।
তিনি বলেন, জাতীয় শিবিরের সব দল এবং ইসরাইল রাষ্ট্রকে সুরক্ষিত রাখতে চায়—এমন জায়নবাদী দলগুলোকে নিয়ে ঐক্যের সরকার গঠন করা উচিত। তবে এমন সরকারের নেতৃত্ব নিজে দিতে চান কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি নেতানিয়াহু।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন