
বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগামী পাঁচ বছরের মধ্যে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা পড়াশোনার অংশ হিসেবেই নির্দিষ্ট সময় বিভিন্ন সরকারি, বেসরকারি ও শিল্প প্রতিষ্ঠানে হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাবেন। একই সঙ্গে ইন্টার্নশিপকালীন ভাতা নিশ্চিত করারও পরিকল্পনা রয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের দুই থেকে চার মাস পর্যন্ত নির্ধারিত সময় বিভিন্ন প্রতিষ্ঠানে বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে উৎপাদন শিল্প, সেবা খাত, সরকারি ও বেসরকারি অফিস—সবই অন্তর্ভুক্ত থাকবে।
ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় শুধু সনদ অর্জনের স্থান নয়, এটি দক্ষ মানবসম্পদ তৈরিরও জায়গা। কর্মবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করাই এখন সময়ের দাবি। তাই পাঠ্যক্রমের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন ইন্টার্নশিপের সময় উপযুক্ত সম্মানী বা ভাতা পান, সেটিও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, আধুনিক কর্মক্ষেত্রে সফল হতে শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, সফট স্কিলও অর্জন করতে হবে। এজন্য ডিজিটাল লিটারেসি, কার্যকর যোগাযোগ দক্ষতা, বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি তৃতীয় ভাষায় দক্ষতা এবং সমালোচনামূলক চিন্তার সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ভবিষ্যতে দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ডিজিটালি সংযুক্ত থাকতে পারবেন। এতে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ই আর প্রান্তিক থাকবে না।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার শিক্ষার্থীদের জন্য নিরাপদ, বৈষম্যহীন ও দক্ষতাভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। শিক্ষাজীবন শেষে যেন প্রতিটি শিক্ষার্থী আন্তর্জাতিক মানের দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে, সেটিই ইউজিসির লক্ষ্য।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন