বোতলজাত সয়াবিনের সংকট, বাড়ল খোলা তেল ও ডিমের দাম

ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে আবারও প্রকট হয়ে উঠেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেক খুচরা দোকানে এক, দুই ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এর প্রভাবে খোলা সয়াবিন ও পাম তেলের দামও লিটারে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে।

এরই মধ্যে গত এক সপ্তাহে নতুন করে বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। তবে ব্রয়লার মুরগি ও বিভিন্ন ধরনের মাছের দাম বেশ কিছুদিন ধরে বাড়তি অবস্থায় রয়েছে। ফলে একসঙ্গে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছেন সাধারণ ক্রেতা, বিশেষ করে নিম্ন ও সীমিত আয়ের মানুষ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, পলাশী বাজার ও কল্যাণপুর নতুন বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

চাহিদার তুলনায় কম সয়াবিন তেল

খুচরা বিক্রেতারা জানান, কোম্পানিগুলো আগের তুলনায় কম পরিমাণে বোতলজাত সয়াবিন তেল বাজারে সরবরাহ করছে। ফলে ডিলার ও সরবরাহকারীদের কাছ থেকেও তারা প্রয়োজনের তুলনায় কম তেল পাচ্ছেন।

মোহাম্মদপুর টাউন হল বাজারের কয়েকটি দোকান ঘুরে দেখা যায়, কোথাও এক লিটারের বোতল নেই, আবার কোনো দোকানে দুই লিটারের বোতল পাওয়া যাচ্ছে না। কয়েকটি দোকানে মাত্র চার-পাঁচটি করে বোতল রাখা ছিল।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের মুদি বিক্রেতা ইমান আলী বলেন, তাঁর প্রতিদিন প্রায় ১০ কার্টন সয়াবিন তেলের প্রয়োজন হয়। কিন্তু ডিলারের কাছ থেকে তিনি পেয়েছেন মাত্র চার কার্টন। নিয়মিত ক্রেতাদের চাহিদা মেটাতে গিয়ে পর্যাপ্ত তেল রাখা সম্ভব হচ্ছে না।

বিক্রেতাদের ভাষ্য, সরবরাহ পুরোপুরি বন্ধ না হলেও চাহিদার তুলনায় তা অনেক কম। আবার কোনো কোনো বিক্রেতা পাওয়া তেলের একটি অংশ দোকানের সামনে না রেখে আলাদাভাবে সংরক্ষণ করছেন।

খোলা তেলের দাম বেড়েছে

বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে গেলে সাধারণত খোলা সয়াবিন তেলের চাহিদা বাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯০ থেকে ১৯৫ টাকায়। একই সময়ে খোলা পাম তেলের দাম প্রায় শূন্য দশমিক ৮৮ শতাংশ বেড়ে লিটারপ্রতি ১৭০ থেকে ১৭৫ টাকা হয়েছে।

অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারে প্রায় ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে।

দাম বাড়ানোর দাবি কোম্পানিগুলোর

বাজারে সরবরাহ সংকটের পাশাপাশি ভোজ্যতেল পরিশোধন ও উৎপাদনকারী কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম আরেক দফা বাড়ানোর দাবি জানিয়েছে।

এ নিয়ে গত ২০ সেপ্টেম্বর বাণিজ্যসচিবের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড ভেজিটেবল ফ্যাট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

চলতি বছর এর আগেও কয়েক দফা সয়াবিন তেলের সরবরাহ সংকট দেখা দিয়েছিল। ফেব্রুয়ারির দিকে সংকট শুরুর পর এপ্রিলের শেষ দিকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। এরপর জুলাইয়ের দিকে আবার সরবরাহে সংকট তৈরি হয়। পরে ৩ সেপ্টেম্বর লিটারে আরও ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়।

ফলে চলতি বছর এ নিয়ে তৃতীয় দফায় বাজারে সয়াবিন তেলের সরবরাহ সংকট দেখা দিল।

তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাম বাড়ানোর দাবি উঠলেও সরকার যাচাই-বাছাই ছাড়া দাম বাড়াতে রাজি নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বুধবার সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি জানালেও সরকার বিষয়টি বুঝে-শুনে সিদ্ধান্ত নেবে। যাচাই-বাছাইয়ের আগে দাম বাড়ানো হবে না।

এক সপ্তাহে ডজন ডিমে বেড়েছে ১০ টাকা

সয়াবিন তেলের বাজারের অস্থিরতার মধ্যেই গত এক সপ্তাহে বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম।

বাজারে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি দাম বেড়েছে প্রায় ১০ টাকা। পাড়া-মহল্লার দোকানে চারটি ডিম কিনতে খরচ হচ্ছে প্রায় ৫৫ টাকা।

নিম্ন আয়ের অনেক পরিবার একসঙ্গে এক ডজন ডিম না কিনে প্রয়োজন অনুযায়ী এক বা দুটি করে ডিম কেনে। সে ক্ষেত্রে প্রতিটি ডিমের দাম পড়ছে প্রায় ১৫ টাকা।

২০০ টাকার আশপাশে ব্রয়লার মুরগি

ডিমের পাশাপাশি ব্রয়লার মুরগির দামও দীর্ঘদিন ধরে বাড়তি। বাজারে প্রায় দুই মাস ধরে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, উৎপাদন ও সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভর করে দামে সামান্য ওঠানামা হলেও বড় ধরনের কমতি দেখা যাচ্ছে না। ফলে সীমিত আয়ের মানুষের জন্য নিয়মিত খাদ্যতালিকায় ব্রয়লার মুরগি রাখাও কঠিন হয়ে পড়ছে।

মাছের দামও চড়া

মুরগি ও ডিমের পাশাপাশি বিভিন্ন ধরনের মাছের দামও বাড়তি রয়েছে। বাজারে দুই থেকে আড়াই কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৩৮০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা এবং পাঙাশ ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

ফলে মাছ, মুরগি ও ডিম—তিন ধরনের আমিষজাতীয় খাদ্যই এখন সাধারণ মানুষের নাগালের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে।

চাপে নিম্ন ও সীমিত আয়ের মানুষ

নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন ও সীমিত আয়ের মানুষ। রাজধানীর শেখেরটেক এলাকার নিরাপত্তারক্ষী আনসার হোসেন বলেন, সীমিত আয়ের কারণে তিনি সাধারণত ব্রয়লার মুরগি ও ডিম কিনেই পরিবারের আমিষের চাহিদা মেটানোর চেষ্টা করেন। কিন্তু ব্রয়লার মুরগির দাম দীর্ঘদিন ধরে কমছে না, আবার ডিমের দামও বেড়ে যাওয়ায় সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক না হলে খোলা তেলের ওপর চাপ আরও বাড়তে পারে। একই সঙ্গে ডিম, মুরগি ও মাছের বাজারে দাম কমাতে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা প্রয়োজন। সাধারণ ক্রেতাদের প্রত্যাশা, বাজার তদারকি জোরদার করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা হবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর ক্ষেপণাস্ত্র মজুত কমেছে, বড় চুক্তি যুক্তরাষ্ট্রের

১

বোতলজাত সয়াবিনের সংকট, বাড়ল খোলা তেল ও ডিমের দাম

২

শুক্রবার রাসুলুল্লাহ (সা.) যেসব আমল করতেন

৩

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ শুরু

৪

কুয়াকাটা ভ্রমণের সেরা সময় কোন মাস, জানুন খরচ ও সব তথ্য

৫

আবু সাঈদ নিহতের ঘটনায় বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন বহিষ্কার

৬

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, মামলা ৪, গ্রেপ্তার ২৬

৭

প্রথমবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

৮

প্রাথমিকে আজ যোগদান, নিয়োগপত্র পেয়ে হাসি-আক্ষেপের ভিন্ন ছবি

৯

রাজশাহীতে ইয়াবার বদলে রঙ করা ওষুধ বিক্রির অভিযোগ

১০

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

১১

ফ্রান্সে জেন-জি বিক্ষোভে আটক ৪৪০, আহত শিক্ষক-শিক্ষার্থী

১২

একসময় গরিব ছেলেই পছন্দ ছিল প্রভার

১৩

নিউইয়র্ক সফর নিয়ে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন

১৪

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

১৫

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত

১৬

দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি, টানা ৫ দিন বন্ধ সরকারি অফিস

১৭

১৫ হাজার ৭১২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে

১৮

ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক

১৯

বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ নেতা গ্রেপ্তার

২০