
দীর্ঘ অপেক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সার্বিক চিত্র রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন উপাচার্য। পাশাপাশি দায়িত্ব গ্রহণের পর গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও তাকে অবহিত করেন।
সাক্ষাৎকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আয়োজনের বিষয়েও আলোচনা হয়। উপাচার্যের ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপতি সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ২৩ জানুয়ারি ২০২৭ নির্ধারণ করা হলেও কোন কোন ব্যাচের গ্র্যাজুয়েটরা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন, কতজন নিবন্ধন করতে পারবেন এবং অনুষ্ঠান কোথায় হবে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১৯৯২ সালে প্রতিষ্ঠার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১৭ জানুয়ারি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওই সমাবর্তনে ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে উত্তীর্ণ ৪ হাজার ৯৩২ জন স্নাতক ও স্নাতকোত্তর গ্র্যাজুয়েট অংশ নেন।
প্রথম সমাবর্তনে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী আট শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দ্বিতীয় সমাবর্তন আয়োজন করা সম্ভব হয়নি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা বর্তমানে দুই হাজারের বেশি। এসব কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রতিবছর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা শেষ করেন। দীর্ঘ সময় নিয়মিত সমাবর্তন না হওয়ায় গ্র্যাজুয়েটদের একটি বড় অংশ সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছেন।
দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণায় দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা গ্র্যাজুয়েটদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তবে কোন শিক্ষাবর্ষ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন