
ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। মামলার পর শনিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশ।
আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শনিবারই পাওয়া যায়। মামলা দায়েরের পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি দল চট্টগ্রাম রেঞ্জের অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। অভিযানে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরাও অংশ নেন।
এর আগে, গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। ওই দিন তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এ ছাড়া ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।
তবে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগের বিস্তারিত এবং মামলার এজাহারে উল্লেখিত সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দেশ-বিদেশের আকর্ষণীয় পর্যটন স্থানে ভ্রমণের জন্য যোগাযোগ করুন Meghpahar Vromon-এর সঙ্গে।
📞 ফোন: 01318090285
🌐 ওয়েবসাইট: www.meghpaharvromon.com
🌍 Meghpahar Vromon Travel Agency
মন্তব্য করুন