
রংপুর মহানগরীর মডার্ন মোড়ের দক্ষিণে তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসে অগ্নিসংযোগ করে এবং প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ঘটনাস্থলের ছবি তুলতে গেলে এক সাংবাদিকের ক্যামেরাও ভাঙচুর করা হয়।
রোববার (১২ জুলাই) সকাল ৯টার দিকে তাজহাট থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম (৪৫) মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান বালুয়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি বর্তমানে রংপুর মহানগরীর ধর্মদাস মিলনপাড়া এলাকায় বসবাস করতেন। আবুল কাশেম নগরীর জিয়াতপুকুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার সুপার এবং স্থানীয় মিলনপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মেয়েকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে পৌঁছালে রংপুর থেকে ঢাকাগামী আরএম স্পেশাল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার মুহূর্তে তিনি নিজের মেয়েকে দ্রুত রাস্তার পাশে সরিয়ে দেওয়ায় শিশুটি প্রাণে বেঁচে যায়। তবে ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল কাশেম।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
পরে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, আগুনে আরএম স্পেশাল পরিবহনের বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় ঘটনাস্থলের ছবি তুলতে গেলে আমাদের প্রতিদিন পত্রিকার সাংবাদিক সরিফুল ইসলামের ক্যামেরা ভাঙচুর করা হয়।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগুনে পুড়ে যাওয়া বাসটি জব্দ করা হয়েছে এবং মো. মুর্তজা (৫৬) নামে একজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনা ও অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন