
বলিউডের আলোচিত প্রেমের গল্পগুলোর মধ্যে সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক অন্যতম। ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি। বিচ্ছেদের পর দুজনকে ঘিরে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়, যার রেশ এখনো মাঝেমধ্যে ফিরে আসে।
সম্প্রতি সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক নিয়ে দেওয়া একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। বর্ষীয়ান সাংবাদিক প্রভু চাওলার নেওয়া ওই সাক্ষাৎকারে সম্পর্কের ভাঙন এবং তার বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ নিয়ে কথা বলেছিলেন সালমান।
সাক্ষাৎকারে প্রভু চাওলা সালমানকে প্রশ্ন করেন, নারীদের সঙ্গে তার সম্পর্কে কেন বারবার সংঘাত তৈরি হয়, বিশেষ করে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন কেন হয়েছিল।
জবাবে সালমান বলেন, ঐশ্বরিয়া একসময় তার বন্ধু ছিলেন, তবে এখন আর তাদের মধ্যে বন্ধুত্ব নেই। বিষয়টি নিয়ে আর আলোচনা করতে চান না বলেও স্পষ্ট করেন তিনি।
সালমানের ভাষায়, ‘এখন তো তিনি আমার জীবনে নেই। কেন তাকে নিয়ে কথা বলব? এখন তার জীবন, তিনি সামনে এগিয়ে যান। সবাই জীবনে সামনে এগিয়ে যায়। জীবন তো থেমে থাকে না।’
বিচ্ছেদের কারণ প্রসঙ্গে অভিনেতা বলেন, মানুষের মধ্যে মতবিরোধ ও ঝগড়া হয়। বনিবনা না হলে অনেক সময় সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয় না।
মারধরের অভিযোগে কী বলেছিলেন সালমান?
সাক্ষাৎকারের একপর্যায়ে প্রভু চাওলা সালমানের বিরুদ্ধে মারধর ও শারীরিক সংঘাতের অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন। সাংবাদিকের এমন প্রশ্নে প্রতিক্রিয়া দেখান অভিনেতা। তিনি টেবিলে জোরে হাত চাপড়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
সালমান বলেন, ‘আমি যদি হাতাহাতি করতাম, যেমনটা এই টেবিলে করলাম…’ এরপর তিনি প্রশ্ন করেন, এমন আঘাত কি কেউ সহ্য করতে পারবে?
পরবর্তী সময়ে অন্য একটি সাক্ষাৎকারেও ঘটনাটি স্মরণ করেছিলেন সালমান। তার দাবি, প্রভু চাওলাকে সাক্ষাৎকার দেওয়ার সময় রাগের মাথায় টেবিলে জোরে আঘাত করেছিলেন এবং এতে টেবিলটি ভেঙে গিয়েছিল।
সালমানের বিরুদ্ধে ঐশ্বরিয়ার অভিযোগ
অন্যদিকে, সম্পর্ক ভাঙার পর সালমান খানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন ঐশ্বরিয়া রাই। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বিচ্ছেদের পর সালমান তাকে ফোন করে দুর্ব্যবহার করতেন। এমনকি একাধিকবার তার গায়ে হাত তোলার অভিযোগও করেন তিনি।
ঐশ্বরিয়ার দাবি ছিল, এসব ঘটনার পরও কোনো কিছু হয়নি এমনভাবে তাকে শুটিংয়ে যেতে হতো। তিনি আরও জানিয়েছিলেন, ভবিষ্যতে সালমান খানের সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না।
সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্কের সেই অধ্যায় বহু আগেই শেষ হয়েছে। তবে পুরোনো সাক্ষাৎকার, বক্তব্য ও অভিযোগ নতুন করে সামনে এলে বলিউডের আলোচিত এই জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আবারও বাড়ে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন