
ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও তৈরির সময় পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে আহত হয়ে সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মৃত্যুর ঘটনায় আব্দুল হাকিম (২৫) নামে এক টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ মার্চ সকালে ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও এলাকায় টিকটক ভিডিও তৈরির জন্য শিশু সৌরভ ক্ষত্রিয়কে ১০ টাকা দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন আব্দুল হাকিম।
হাকিমের কথায় সৌরভ পুকুরে ঝাঁপ দিলে পানির নিচে থাকা লোহার তারকাঁটা তার পায়ে বিদ্ধ হয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। অভিযোগ রয়েছে, ঘটনার বিষয়টি কাউকে জানাতে সৌরভকে নিষেধ করেছিলেন হাকিম।
পরে সৌরভের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। একপর্যায়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ৪ এপ্রিল শিশুটির মৃত্যু হয়।
শিশু সৌরভের মৃত্যুর ঘটনায় তার মা রানু ক্ষত্রিয় ফুলপুর থানায় মামলা করেন। মামলার পর থেকেই আব্দুল হাকিম পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শুক্রবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টিকটক ভিডিও তৈরির জন্য শিশুটিকে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলা হয়েছিল। ঝাঁপ দেওয়ার পর লোহার তারকাঁটায় পা বিদ্ধ হয়ে শিশুটি গুরুতর আহত হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলার অভিযোগ ও তদন্তের ভিত্তিতেই আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম আদালতে চলবে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন