
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ার পর ট্রাকচাপায় আমিনুর রহমান সৌরভ (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রিয়া খাতুন নামে এক নারী আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে মহাসড়কের হলিধানী এলাকার ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি চুয়াডাঙ্গা শহরের সিনেমা হলপাড়ার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে রিয়া খাতুনকে নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন সৌরভ। পথে হলিধানী বাজারসংলগ্ন ভেটেরিনারি কলেজের সামনে স্পিডব্রেকার এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সৌরভকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা আহত রিয়া খাতুনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট তানভীর হাসান বলেন, স্পিডব্রেকারের আগে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় সৌরভ গুরুতর আহত হন। তার একটি হাত ভেঙে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা এক নারীও আহত হয়েছেন।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন