
ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাট ইজারাদারের এক সহকারীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর বিরুদ্ধে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউএনও আরাফাত সিদ্দিকী আনসার ও র্যাব সদস্যদের নিয়ে বালু বিক্রির একটি পয়েন্টে যান। সেখানে তিনি ইজারাদারের কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান।
এ সময় সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সারোয়ার জাহান ওরফে বাচ্চু অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় জানতে চান। পরে ইউএনও নিজের পরিচয় দিয়ে জানান, তিনি ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কথোপকথনের একপর্যায়ে ইউএনও সারোয়ার জাহানকে পরপর দুটি থাপ্পড় মারেন। এরপর র্যাবের এক সদস্য তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের কাছ থেকে একটি লাঠি নিয়ে সারোয়ার জাহানকে মারধর করেন।
ভিডিওতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমানকে ইউএনওকে থামানোর চেষ্টা করতে দেখা যায়।
মারধরের শিকার সারোয়ার জাহানকে পরে র্যাবের একটি গাড়িতে করে ধলা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সৃষ্টি এন্টারপ্রাইজের মালিক শামসুজ্জামান মাসুদ জানান, তিনি প্রায় দুই কোটি টাকায় বালুমহালটির ইজারা নিয়েছেন। কয়েক মাস আগে ইজারা পেলেও যোগাযোগব্যবস্থার সমস্যার কারণে সম্প্রতি বালু উত্তোলন ও বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি দাবি করেন, বালুমহালটি বৈধভাবে ইজারা নেওয়া হয়েছে। ঘটনার পর ইউএনওর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তিনি সাক্ষাৎ করতে পারেননি।
এ বিষয়ে ইউএনও আরাফাত সিদ্দিকী ও উপজেলা সহকারী কমিশনারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। ইউএনওর আচরণ পেশাদারিত্বের মধ্যে পড়ে না। কী পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকেই ব্যাখ্যা দিতে হবে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন