
জামদানি শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আদালতের সমন জারির ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ ঘটনায় অভিনেত্রীর প্রতি সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
প্রায় ১০ মাস আগে একটি জামদানি শাড়িকে কেন্দ্র করে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সামনে আসে। সে সময় আইনি নোটিশের সূত্র ধরে বিষয়টি আলোচনায় এলেও পরে তা অনেকটাই স্তিমিত হয়ে যায়। সম্প্রতি আদালতের সমন জারির পর বিষয়টি আবারও আলোচনায় আসে।
এ প্রসঙ্গে জয় সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সামান্য মূল্যের একটি শাড়িকে কেন্দ্র করে একজন জনপ্রিয় অভিনেত্রীকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, তা অত্যন্ত বিব্রতকর। তার মতে, আইনি প্রক্রিয়া শেষ হলেও সাধারণ মানুষের মনে এ ঘটনার নেতিবাচক প্রভাব দীর্ঘদিন থেকে যেতে পারে।
তিনি আরও বলেন, তানজিন তিশা দীর্ঘদিন ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। কিন্তু একটি বিতর্কই যেন তার পরিচয়ের প্রধান অংশ হয়ে উঠছে। সংবাদমাধ্যমের শিরোনাম আরও ভারসাম্যপূর্ণ হলে শিল্পীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে জয় ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে শুনেছিলেন, তিনি মঞ্চে উঠলে নাকি তানজিন তিশা মঞ্চে উঠবেন না। পরে আরেকটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও তার সম্পর্কে নেতিবাচক মন্তব্যের কথা অন্যদের কাছ থেকে শুনেছিলেন, যা তাকে কষ্ট দিয়েছিল।
তবে সেই প্রসঙ্গ উল্লেখ করে জয় বলেন, ব্যক্তিগত কষ্ট থাকলেও একজন সহশিল্পীর দুঃসময়ে পাশে দাঁড়ানোই উচিত। তাই তানজিন তিশার এই পরিস্থিতিতে তিনি তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন