
চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। পায়ের ব্যথার কারণে পরীমনি আদালতে হাজির হতে পারেননি জানিয়ে তার আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম শুনানি শেষে নতুন এ তারিখ নির্ধারণ করেন। এদিন মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল।
পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতে উপস্থিত হয়ে সময়ের আবেদন করেন। আবেদনে তিনি জানান, কিছুদিন আগে পায়ে আঘাত পাওয়ার পর পরীমনি অসুস্থ ছিলেন। হঠাৎ করে পায়ের ব্যথা বেড়ে যাওয়ায় তার চলাফেরায় অসুবিধা হচ্ছে। এ কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জম হোসেন সময়ের আবেদনের বিরোধিতা করেন। তিনি পরীমনির জামিন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার পাশাপাশি আইনজীবীর মাধ্যমে তার হাজিরা গ্রহণের আবেদনও বাতিলের দাবি জানান।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে এবং আসামি দীর্ঘদিন ধরে আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করছেন। তিনি পরীমনির জামিন বাতিল করে অভিযোগ গঠনের আবেদন জানান।
পরে আদালত পরীমনির আইনজীবীর সময়ের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
মামলার অপর দুই আসামি পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও তার খালু কবীর হোসেন হাওলাদার এদিন আদালতে উপস্থিত ছিলেন।
২০২১ সালের ৪ আগস্ট পরীমনির বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র্যাব। ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় এবং বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। প্রায় এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।
একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এরপর মামলার বাদী র্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন।
পরে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনার পর মামলাটির অভিযোগ গঠনের শুনানি আবার শুরু হয়।
এখন আগামী ১৭ নভেম্বর মামলাটিতে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন