
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হবে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে গ্রেফতার ১১ আসামির মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। এ কারণে সেদিনের শুনানি পিছিয়ে ১২ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
মামলায় গ্রেফতার আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।
এ ছাড়া শেখ হাসিনাসহ মামলার আরও কয়েকজন আসামি পলাতক রয়েছেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নাম রয়েছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল-২। সংশ্লিষ্ট ঠিকানায় খোঁজ করেও তাদের পাওয়া যায়নি বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেওয়া হয়।
পরে ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ আসামিকে পলাতক দেখিয়ে তাদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
আজকের শুনানিতে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদালতের সিদ্ধান্ত পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে অভিযোগ গঠন ও অভিযোগ প্রমাণ—দুটি পৃথক আইনি প্রক্রিয়া। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামিরা আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত হবেন।
দেশ-বিদেশের আকর্ষণীয় পর্যটন স্থানে ভ্রমণের জন্য যোগাযোগ করুন Meghpahar Vromon-এর সঙ্গে।
📞 ফোন: 01318090285
🌐 ওয়েবসাইট: www.meghpaharvromon.com
🌍 Meghpahar Vromon Travel Agency
মন্তব্য করুন