
২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য প্রস্তুত করা পাঠ্যবইয়ের মুদ্রণ ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেন তিনি। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানাগুলোতে প্রস্তুত করা পাঠ্যবইয়ের কাগজ, ছাপার মান ও বাঁধাই সরাসরি পরীক্ষা করেন। এ সময় বইয়ের বান্ডিল থেকে নমুনা কপি সংগ্রহ করে সেগুলোর সামগ্রিক গুণগত মানও খতিয়ে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্টদের মানসম্মত বই মুদ্রণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (টেক্সট) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু জানান, নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণের কাজ পুরোদমে চলছে। নির্ধারিত সময়ের আগেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আগামী ১ জানুয়ারি ‘বই উৎসব’-এ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এনসিটিবির তথ্য অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি পাঠ্যবই মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বই মুদ্রণে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৯০ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৩২৮ টাকা।
মুদ্রণ পরিকল্পনা অনুযায়ী, প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি এবং ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ৩ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৪০০ কপি বই মুদ্রণ করা হচ্ছে।
এ ছাড়া মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য প্রায় ১৮ কোটি বই ছাপানো হবে। এর মধ্যে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি বই নির্ধারণ করা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হচ্ছে ৯ হাজার ৪ কপি ব্রেইল বই।
আসন্ন শিক্ষাবর্ষের পাঠ্যসূচিতে কয়েকটি নতুন বিষয়ও যুক্ত করা হয়েছে। চতুর্থ শ্রেণির জন্য ‘খেলাধুলা’ ও ‘আমাদের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির জন্য ‘আনন্দময় শিক্ষা’ ও ‘কারিগরি শিক্ষা’ বিষয়ের নতুন বই মুদ্রণ করা হচ্ছে।
এনসিটিবি জানিয়েছে, নতুন, পরিমার্জিত ও সংশোধিত বই নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন