
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউমার্কেটসংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী এবং একজন শিশু রয়েছেন। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
মির্জা গালিব স্ট্রিট কলকাতার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা নিউমার্কেটের খুব কাছেই অবস্থিত। ফলে দেশি-বিদেশি পর্যটক ও ব্যবসায়ীদের নিয়মিত যাতায়াত রয়েছে এ এলাকায়।
পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, হোটেলটির চারতলায় আগুনের সূত্রপাত হয়। ভোর ৩টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে হোটেলের একটি বড় অংশ পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুন লাগার সময় হোটেলের বেশির ভাগ অতিথিই ঘুমিয়ে ছিলেন। বাইরে থেকে আগুনের শিখা দেখা না গেলেও ভবনের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত অতিথিরা দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করেন।
এ ঘটনায় হোটেলের সংকীর্ণ প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরু পথের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে এবং আতঙ্কের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়েছে।
উদ্ধারকারীরা এখন পর্যন্ত অন্তত ৬০ জনকে জীবিত উদ্ধার করেছেন। তবে তাদের অনেকেই ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। আহতদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের শরীরে পোড়া দাগ পাওয়া গেলেও বেশির ভাগের মৃত্যু শ্বাসরোধের কারণে হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী ও কলকাতা পুলিশের কমিশনার। কয়েকজন আহতের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন