
রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির বহির্বিভাগে চালু করা হয়েছে ই-টিকিটিং সিস্টেম। শনিবার (১ আগস্ট) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এ ডিজিটাল সেবার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার উপস্থিত ছিলেন। পরে তারা হাসপাতালটি পরিদর্শন করেন এবং নতুন ই-টিকিটিং ব্যবস্থার কার্যক্রম ঘুরে দেখেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এতদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে রোগীদের খুব ভোরে হাসপাতালে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। নতুন ই-টিকিটিং ব্যবস্থা চালুর ফলে সেই ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে। এতে রোগীরা আরও দ্রুত, সহজ ও সুশৃঙ্খলভাবে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, নতুন ব্যবস্থায় একজন রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে। এরপর তার সব তথ্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে। ভবিষ্যতে চিকিৎসাসেবা নিতে গেলে নতুন করে তথ্য দিতে হবে না।
এছাড়া রোগীর পূর্ববর্তী চিকিৎসা ইতিহাস, হাসপাতাল পরিদর্শনের তথ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা-সংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকবে। ফলে চিকিৎসকরা দ্রুত রোগীর তথ্য দেখতে পারবেন এবং আরও নির্ভুল ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে জনবান্ধব এ ডিজিটাল সেবাটি বাস্তবায়ন করা হয়েছে। শনিবার থেকেই আনুষ্ঠানিকভাবে ই-টিকিটিং সিস্টেমের কার্যক্রম শুরু হয়েছে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন