
স্বামী অবসর সময়ে বাইরে ঘুরতে বা বেড়াতে যেতে আগ্রহী নন—এমন অভিযোগে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহর এক নারী। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
শারজাহ আদালতের পারিবারিক পরামর্শ বিভাগের পরিচালক ড. রাধিয়া হাসান আল রাইসি একটি টেলিভিশন অনুষ্ঠানে ওই দাম্পত্য বিরোধের বিষয়টি তুলে ধরেন।
তিনি জানান, ওই নারী পারিবারিক পরামর্শ বিভাগে এসে অভিযোগ করেন, তার স্বামী বেশিরভাগ সময় বাড়িতে থাকতেই পছন্দ করেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া কিংবা কোথাও ভ্রমণে যাওয়ার ব্যাপারে তার তেমন কোনো আগ্রহ নেই।
তবে স্বামীর অন্যান্য গুণের প্রশংসাও করেছেন ওই নারী। তার ভাষ্য অনুযায়ী, স্বামী অত্যন্ত উদার, ধৈর্যশীল ও ভদ্র স্বভাবের। কিন্তু অবসর সময় কাটানো এবং বাইরে ঘোরাঘুরি নিয়ে স্বামীর অনাগ্রহে তিনি দীর্ঘদিন ধরে হতাশ ছিলেন। একপর্যায়ে বিষয়টি তাকে উদ্বিগ্ন করে তোলে এবং তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
পারিবারিক পরামর্শ বিভাগের কর্মকর্তারা ওই নারীকে বিষয়টি নিয়ে পুনরায় ভাবার পরামর্শ দেন। তাদের মতে, শুধু স্বামীর ঘোরাঘুরি বা বিনোদনের প্রতি অনাগ্রহের মতো কারণে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়।
প্রয়োজনে অবসর সময় ভাই-বোন কিংবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাইরে কাটানোর পরামর্শও দেওয়া হয় তাকে।
ড. আল রাইসি বলেন, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর পছন্দ, অভ্যাস ও জীবনযাপনের ধরনে কিছুটা পার্থক্য থাকা স্বাভাবিক। দুইজন মানুষের সব বিষয়ে একই রকম পছন্দ থাকা সম্ভব নয়।
তিনি আরও বলেন, প্রতিটি মতপার্থক্য বা অসন্তোষের পরিণতি বিবাহবিচ্ছেদ হওয়া উচিত নয়। বড় কোনো সংকট, নির্যাতন কিংবা গুরুতর সমস্যা না থাকলে ছোটখাটো পছন্দ-অপছন্দের অমিলকে আইনি বিরোধে পরিণত না করে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত।
পারিবারিক পরামর্শ বিভাগের পক্ষ থেকে দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সমঝোতার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন