
পরিকল্পিত ও সুষম নগরায়নের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার। একই সঙ্গে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা জানান।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’কে সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, আবাসন শুধু চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে নিরাপদ পানি, স্যানিটেশন, পরিচ্ছন্ন পরিবেশ এবং মর্যাদাপূর্ণ নাগরিক সেবার নিশ্চয়তাও জড়িত।
তিনি বলেন, দ্রুত নগর সম্প্রসারণের ফলে যানজট, পরিবেশদূষণ, আবাসন সংকট এবং জলবায়ুজনিত অভিবাসনের মতো নানা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নগর ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীদের দীর্ঘদিনের আবাসন সমস্যার সমাধানে তাদের মালিকানা অর্জনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি নগর ও আবাসিক এলাকায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার কাজও চলছে।
পরিকল্পিত নগরায়নের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে পৃথক নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ দেশের নগর ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-১১) লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য টেকসই ও মানসম্মত আবাসন নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ লক্ষ্য বাস্তবায়নে বেসরকারি খাত, এনজিও এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, গ্রাম ও শহরের মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে দেশের সব মানুষের জন্য মানবিক, পরিবেশবান্ধব, নিরাপদ ও টেকসই বসবাসের পরিবেশ নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন