
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা গ্রামে ৬২ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। বিচার দাবিতে অভিযুক্ত ব্যক্তির বাড়ির আঙিনায় চার দিন ধরে অবস্থান করছেন ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগীর অভিযোগ, গত রোববার রাত আনুমানিক ৮টার দিকে একই গ্রামের কবিরাজ আরশেদ আলী ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে তাকে বাড়ির বাইরে ডাকেন। পরে তাকে টেনে-হিঁচড়ে বাড়ির পেছনের একটি নির্জন স্থানে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন।
ওই নারী জানান, তার চিৎকার শুনে এক নাতি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আরশেদ আলীকে আটক করেন। তবে পরে অভিযুক্তের পরিবারের সদস্যরা এসে তাকে জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
এরপর ঘটনার বিচার ও অভিযুক্তের শাস্তির দাবিতে তিনি আরশেদ আলীর বাড়ির আঙিনায় অবস্থান নেন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখান থেকে যাবেন না বলেও স্থানীয় সংবাদকর্মীদের জানিয়েছেন তিনি।
ভুক্তভোগীর দিনমজুর ছেলে হেলাল তালুকদার বলেন, তারা আর্থিকভাবে অসচ্ছল। এ কারণে আইনি প্রক্রিয়ায় যাওয়ার মতো সামর্থ্য ও প্রয়োজনীয় লোকবল তাদের নেই। স্থানীয় প্রভাবশালীরা গ্রামীণ সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার কথা বলছেন।
স্থানীয় মাতব্বর মজিবুর রহমান বলেন, জাবেদ আলীসহ কয়েকজন মাতব্বর বিষয়টি নিয়ে বসেছেন। মীমাংসার জন্য চৌকিদারের মাধ্যমে সালিশ ডাকার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে অভিযুক্ত আরশেদ আলীর ছেলে মো. আসলাম তার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তার বাবা ওই বৃদ্ধার বাড়িতে ঝাড়ফুঁক দিতে গিয়েছিলেন। একটি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ফাঁসানো হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেন আসাদ মুঠোফোনে বলেন, ঘটনাটি সত্য। স্থানীয়দের কাছ থেকেও তারা বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। তিনি অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনার পর থেকে অভিযুক্ত আরশেদ আলী পলাতক রয়েছেন। তাকে বাড়িতে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, শুক্রবার সন্ধ্যায় ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে ভুক্তভোগী নারী কিংবা অভিযুক্ত কাউকেই পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অভিযোগের বিষয়টি তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই হওয়ার পরই ঘটনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন