
ময়মনসিংহ নগরীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার ভেতর থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী রাজিব পরিবহণের একটি বাস ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কের পূর্ব গন্দ্রপা এলাকায় পৌঁছালে মুক্তাগাছা থেকে ময়মনসিংহ বাইপাসগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছেন। নিহত সাতজনই অটোরিকশাটির যাত্রী ছিলেন।
নিহতদের মধ্যে একই পরিবারের চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়ি হামিদপুর গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু (৫০), তার মা রাশিদা বেগম (৭০), মেয়ে মর্জিনা (২৫) এবং মর্জিনার ছেলে মিনাল (৫)।
জানা গেছে, মোফাজ্জল হোসেন গাজীপুরে রাজমিস্ত্রির কাজ করতেন। পরিবারের সদস্যদের নিয়ে তারা গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
নিহত অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন জানান, অটোরিকশার ভেতর থেকে সাতজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাজিব পরিবহণের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। তাদের দাবি, বাইপাস সড়কটিতে প্রায়ই অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা রোধে ওই এলাকায় স্পিডব্রেকার স্থাপনের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন