
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে রওনা হয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনব্যাপী সফরে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে সড়কপথে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।
সফরের শুরুতে বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। প্রকল্পটির ব্যয় ১ হাজার ৫৪২ কোটি টাকা বলে জানিয়েছে বাসস।
এরপর দুপুর দেড়টায় ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধনের কর্মসূচি রয়েছে।
বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কৃষক কার্ড কর্মসূচির পাইলট পর্যায়ে প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪৭ জন কৃষক কৃষি উপকরণ সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ টাকা করে পাওয়ার কথা রয়েছে। ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষক মুদ্রিত কৃষক কার্ড পাবেন।
অনুষ্ঠানে দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলা যুক্ত থাকার কথা জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। চলতি বছর মোট ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার লক্ষ্যে কাজ চলছে বলেও জানানো হয়েছে।
দুপুরে ফুলগাজী ডাকবাংলোয় জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী। এরপর নির্ধারিত কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়বেন তিনি।
প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম ফেনী সফর। সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি নিয়েছে। এর আগে ১৪ সেপ্টেম্বর ফেনী জেলা বিএনপি প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে অভ্যর্থনার প্রস্তুতি নিয়ে সভা করেছিল।
ফেনীর ফুলগাজীর শ্রীপুর গ্রামে প্রধানমন্ত্রীর নানা এস্কান্দার মজুমদারের বাড়ি। তার মা প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন