
রাজশাহীতে ইয়াবার সংকটকে কাজে লাগিয়ে সাধারণ ওষুধকে ইয়াবা হিসেবে বিক্রির অভিযোগ উঠেছে একটি অসাধু চক্রের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, মাত্র এক টাকা দামের কিছু সাধারণ ট্যাবলেট মার্কার বা সাইনপেন দিয়ে লাল-গোলাপি রঙ করে ইয়াবার আদলে তৈরি করা হচ্ছে। পরে এসব ট্যাবলেট ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, রাজশাহী নগরীর আইডি বাগানপাড়া রেললাইন এলাকা, বারো রাস্তা, বুধপাড়া, কোর্ট ঢালান, গুড়িপাড়া ও নিউমার্কেটসহ বিভিন্ন স্থানে কৌশলে এসব ভুয়া ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, ইয়াবার মতো চেহারা দিতে জন্মনিয়ন্ত্রণের ওষুধ ‘মায়াবড়ি’ এবং কোষ্ঠকাঠিন্যের ওষুধ ‘ডুরালাক্স’ ব্যবহার করছে চক্রটি। ইয়াবার সংকট কিংবা কম দামে মাদক পাওয়ার আশায় আসা তরুণদের টার্গেট করে এসব ট্যাবলেট বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে।
কয়েকজন মাদকসেবী নাম প্রকাশ না করার শর্তে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের কারণে অনেক মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রি কমিয়ে দিয়েছেন। ফলে সংকটের সুযোগ নিয়ে কিছু বিক্রেতা সাধারণ ওষুধকে ইয়াবা হিসেবে দিচ্ছেন। এসব ট্যাবলেট সেবনের পর তাদের শারীরিক নানা সমস্যায় পড়তে হচ্ছে বলেও দাবি করেন তারা।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক ডা. মো. মেহেদী হাসান ভূঁইয়া বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং প্রয়োজন না থাকলে এ ধরনের ওষুধ সেবন করা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এতে শরীরে তীব্র পানিশূন্যতা ও ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। পাশাপাশি পটাশিয়ামের মাত্রা কমে গিয়ে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য জটিলতার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, কোনো পুরুষ নিয়মিত জন্মনিয়ন্ত্রণের ওষুধ সেবন করলে হরমোনের ভারসাম্যহীনতা, স্তন ফুলে যাওয়া, ডায়াবেটিস, স্ট্রোকসহ বিভিন্ন জটিলতার ঝুঁকি তৈরি হতে পারে।
অপরাধ বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আসল মাদকের সরবরাহ কমে গেলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত চক্রগুলো বিকল্প উপায়ে ক্রেতাদের প্রতারণা করতে পারে। এ ধরনের প্রতারণা মাদকাসক্তদের স্বাস্থ্যঝুঁকি বাড়ানোর পাশাপাশি নতুন ধরনের অপরাধের ক্ষেত্রও তৈরি করতে পারে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার গাজিউর রহমান বলেন, ইয়াবাসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রির আস্তানা উচ্ছেদ করা হয়েছে এবং এসব ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
তবে ‘মায়াবড়ি’ ও ‘ডুরালাক্স’ ট্যাবলেট ইয়াবার আদলে রঙ করে বিক্রির অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন বলে জানান। বিষয়টি দ্রুত তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
ইয়াবার বিকল্প হিসেবে সাধারণ ওষুধ বিক্রির অভিযোগ সত্য হলে, এটি মাদকাসক্তদের সঙ্গে প্রতারণার পাশাপাশি তাদের গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন