
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় সড়ক দুর্ঘটনায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যাওয়ার পর আরেকটি বাসের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বনশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসফিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, তাসফিয়া মোটরসাইকেলে করে বনশ্রী এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে রমজান পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। ঠিক তখনই পেছন দিক থেকে আসা সারা পরিবহনের আরেকটি বাসের চাকায় তিনি পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুর্ঘটনার পর বাসের চাকায় হাতের ছাপও দেখা যায়। ঘটনাটি ঘিরে সেখানে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
নিহতের এক স্বজন জানান, একটি কাজে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তাসফিয়া। পথে দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত বনশ্রীর ফরাজী হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক অনয় চন্দ্র পাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত দুটি বাসই জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজন বাসচালক ও একজন হেলপারকে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং ঘটনার সঙ্গে কার কী ধরনের সংশ্লিষ্টতা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তাসফিয়ার স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।
বনশ্রীর একটি টেইলার্সের মালিক মো. মূসা হাসপাতালে সাংবাদিকদের জানান, তাসফিয়া তার দোকান থেকে নিয়মিত কাপড় তৈরি করাতেন। তিনি বলেন, সড়কে তাসফিয়ার রক্তাক্ত নিথর দেহ দেখতে পেয়ে তিনি তার পরিবারের সদস্যদের খবর দেন।
মো. মূসা আরও জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাসফিয়ার কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা ছিল। এর আগের দিনই সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন