
পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতিবৃষ্টির সময় জলাবদ্ধতা প্রতিরোধ এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, দেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় সরকার সমন্বিত পরিকল্পনা গ্রহণ করছে।
ঢাকা-সিলেট রুটে রেলপথ ডাবল লাইনে উন্নীত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, রেল যোগাযোগ বাড়লে যানজট কমবে এবং পরিবহন ব্যয়ও হ্রাস পাবে। একই সঙ্গে অতিরিক্ত সড়ক নির্মাণের ফলে ফসলি জমি নষ্ট হওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যখাত উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শিগগিরই সিলেট মেডিকেল কলেজে ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে, যা পর্যায়ক্রমে ১২০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদারে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্রীড়া খাতেও নতুন উদ্যোগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে সারাদেশের প্রায় এক লাখ ৩০ হাজার শিশু অংশগ্রহণ করবে। এই কর্মসূচি থেকে ভবিষ্যতের প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতির কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যেই সরকার কাজ শুরু করেছে এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব।
এছাড়া পরিবেশ সচেতনতা বাড়াতে শিশুদের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি এবং সিটি করপোরেশনকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।
দেশ-বিদেশের আকর্ষণীয় পর্যটন স্থানে ভ্রমণের জন্য যোগাযোগ করুন Meghpahar Vromon-এর সঙ্গে।
📞 ফোন: 01318090285
🌐 ওয়েবসাইট: www.meghpaharvromon.com
🌍 Meghpahar Vromon Travel Agency
মন্তব্য করুন