
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মন্তব্য করেছেন, আগামী ১০ বছরের মধ্যে শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এ মন্তব্য করেছেন বলে জানান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার এ কথা বলেন।
স্পিকার বলেন, “আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয় আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই।”
আওয়ামী লীগ সরকারের বিগত শাসনকালের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ক্ষমতায় থাকাকালে দলটি এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না।
তিনি মনে করেন, নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন। একজন ব্যক্তি বিত্তবান না হলেও তাঁর জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা থাকলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত।
স্পিকার বলেন, সাধারণ মানুষ যাতে নির্বাচনে অংশ নিতে পারেন, সে জন্য নির্বাচন কমিশনকে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করতে হবে।
গত ১৭ বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি বলে মন্তব্য করেন স্পিকার। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তাঁর মতে, সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত জরুরি।
ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা ও স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়েও কথা বলেন হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস রয়েছে, যার পরিমাণ সারা দেশের বর্তমান গ্যাসের মজুতের সমপরিমাণ বলে তিনি উল্লেখ করেন। এলাকাটিতে আরও গ্যাসের ভাণ্ডার থাকার সম্ভাবনাও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
স্পিকার বলেন, গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার ও দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি দ্রুত জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান।
প্রেস ব্রিফিংয়ে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবং সদস্য সচিব রাইসুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন