
কুড়িগ্রাম প্রতিনিধি | বাস্তবচিত্র ২৪ নিউজ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পর্নোগ্রাফি তৈরি, অসামাজিক কার্যকলাপ এবং ব্ল্যাকমেইলের অভিযোগে এক ব্যক্তি ও তার দুই স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের গোপালপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম কামরুল হাসান (৩৫)। তার সঙ্গে তার দুই স্ত্রীকেও একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল হাসান নিজেকে ‘মতপ্রকাশ’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চলাফেরা করতেন। অভিযোগ রয়েছে, এই পরিচয় ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি তৈরি ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম স্ত্রী থাকা অবস্থায় কামরুল প্রতিবেশী এক সন্তানের জননীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে পরে তাকে বিয়ে করেন। এরপর দুই স্ত্রীকে নিয়ে তারা নিয়মিত পর্নোগ্রাফিক ভিডিও তৈরি করে বিভিন্ন পর্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে অর্থ উপার্জন করতেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হওয়া বিভিন্ন ব্যক্তিকে কৌশলে বাড়িতে এনে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত করার পর গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, এই চক্র বিভিন্ন এলাকা থেকে তরুণীদের এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনাও করত।
স্থানীয়রা জানান, দৃশ্যমান কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও কামরুল সম্প্রতি এলাকায় একটি বহুতল ভবন নির্মাণ শুরু করলে তার অর্থের উৎস নিয়ে সন্দেহ দেখা দেয়। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতানির মামুন মুন জানান, পর্নোগ্রাফি তৈরি, অসামাজিক কার্যকলাপ এবং ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন