
লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে কামাল হোসেন (৪৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামের সর্বজনীন শ্রীশ্রী গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সুলতান খানের ছেলে। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একটি ডেকোরেটরের দোকানে কাজ করতেন।
মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কামাল একটি মই ব্যবহার করে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি নিচে পড়ে যান।
পরে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফৌজিয়া মোস্তফা তাকে মৃত ঘোষণা করেন। ওই চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।
চরপাতা সর্বজনীন শ্রীশ্রী গোপাল গিরিধারী মন্দির পরিচালনা কমিটি ও পূজা উদ্যাপন কমিটির সভাপতি সমির কর্মকার বলেন, পূজামণ্ডপে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।
রায়পুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন ভক্ত জানান, ঘটনাটি দুর্ঘটনা। এতে তারা মর্মাহত এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার ভাষ্য, এ ঘটনায় মণ্ডপ কমিটির কোনো গাফিলতি নেই।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁঞা বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে নিশ্চিত হওয়া গেছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কামাল হোসেনের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন