
পারিবারিক কলহের জেরে মায়ের পক্ষ নিয়ে বাবাকে আঘাত, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
রাজশাহীর মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়ইতলা পশ্চিমপাড়া এলাকায় ছেলের লাঠির আঘাতে রেজাউল করিম (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুল করিম পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিবুল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি বাড়িতে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। সোমবার সকালে পারিবারিক বিষয় নিয়ে রেজাউল করিম ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়।
একপর্যায়ে রাকিবুল তার মায়ের পক্ষ নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন রেজাউল করিম।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, নিহত রেজাউল করিম ও তার স্ত্রীর মধ্যে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই বিরোধ ও ঝগড়া হতো। সোমবারের ঘটনাও সেই বিরোধেরই একটি করুণ পরিণতি।
ঘটনার পরপরই রাকিবুল করিম মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে চলে যান। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। তবে ছেলের আঘাতেই বাবার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে।
বিকেলে ময়নাতদন্ত শেষে নিহত রেজাউল করিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, স্থানীয় বাসিন্দা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন