
ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পরিশোধে জটিলতা কমাতে চালু হচ্ছে অটোমেটিক অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস)। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলোর সমন্বয়ে এই ব্যবস্থা কার্যকর হবে।
নতুন এই ব্যবস্থাটি জাতীয় সঞ্চয় স্কিমের অনলাইন ব্যবস্থাপনা সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে। ফলে সঞ্চয়পত্র বা সঞ্চয় বন্ড কেনার সময় গ্রাহকের দেওয়া ব্যাংক হিসাব নম্বর তাৎক্ষণিকভাবে যাচাই করা যাবে। একইভাবে পরবর্তীতে ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রেও এ যাচাই ব্যবস্থা কার্যকর থাকবে।
বর্তমানে জাতীয় সঞ্চয় স্কিমের মোট ১১টি স্কিমের মধ্যে ৯টি স্কিমে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন হচ্ছে। নিবন্ধিত একক গ্রাহকের সংখ্যা প্রায় ৩৯ লাখ ৪৬ হাজার ২২৪ জন। প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার ইএফটির মাধ্যমে সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পরিশোধ করা হয়। পাশাপাশি প্রতিদিন গড়ে প্রায় ৮ হাজার নতুন সঞ্চয়পত্র ইস্যু করা হচ্ছে।
জাতীয় সঞ্চয় ব্যবস্থায় ইতোমধ্যে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল নম্বর যাচাইয়ের ব্যবস্থা রয়েছে। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে ব্যাংক হিসাব যাচাই। এর ফলে গ্রাহকের অর্থ সঠিক হিসাবেই পৌঁছানোর বিষয়টি আরও নিশ্চিত করা সম্ভব হবে।
এতদিন সঞ্চয়পত্র কেনার সময় গ্রাহক যে ব্যাংক হিসাব নম্বর দিতেন, সেটিই সরাসরি সংরক্ষণ করা হতো। কোনো কারণে হিসাব নম্বরের একটি সংখ্যাও ভুল হলে মুনাফা বা মূল টাকা পাঠানোর সময় ইএফটি ফেরত আসত। এরপর গ্রাহককে সংশোধন করে পুনরায় অর্থ পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো। এতে গ্রাহকের সময় ও ভোগান্তি বাড়ার পাশাপাশি অর্থ ভুল ব্যক্তির হিসাবে চলে যাওয়ার ঝুঁকিও তৈরি হতো।
নতুন এভিএস ব্যবস্থায় সঞ্চয়পত্র কেনার সময়ই বাংলাদেশ ব্যাংকের আইটি অবকাঠামো এবং সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের মাধ্যমে দেওয়া হিসাব নম্বর যাচাই করা হবে। প্রথমে দেখা হবে হিসাবটি বৈধ ও সক্রিয় কি না। এরপর ওই হিসাবের মালিকের তথ্যের সঙ্গে গ্রাহকের এনআইডি বা পাসপোর্ট নম্বর মিলিয়ে দেখা হবে।
ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রেও একইভাবে যাচাই করা হবে। ফলে ভুল হিসাব নম্বর দেওয়ার কারণে ভবিষ্যতে অর্থ পরিশোধে সমস্যা হওয়ার সম্ভাবনা কমবে।
অর্থ বিভাগের ‘Strengthening Public Financial Management Program to Enable Service Delivery (SPFMS)’ কর্মসূচির আওতায় এই ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সংশ্লিষ্টরা মনে করছেন, এভিএস চালুর ফলে ফেরত আসা ইএফটির সংখ্যা কমবে এবং সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পরিশোধের প্রক্রিয়া আরও দ্রুত ও নির্ভুল হবে। একই সঙ্গে গ্রাহকের ভোগান্তি কমার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কাজের চাপও কমবে।
অর্থ বিভাগও মনে করছে, স্বয়ংক্রিয় হিসাব যাচাই ব্যবস্থা চালুর মাধ্যমে সঞ্চয়পত্রের লেনদেনে নিরাপত্তা, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বাড়বে। এতে গ্রাহকের প্রাপ্য অর্থ নির্ধারিত সময়ে সঠিক ব্যাংক হিসাবে পৌঁছানো আরও সহজ হবে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন