
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের তৃতীয় চালান পৌঁছেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এর আগে রাত আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তায় সড়কপথে জ্বালানি পরিবহন করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরেনিয়ামের চালান নিরাপদে পৌঁছে দিতে ঢাকা থেকে পাবনা পর্যন্ত পুরো পথে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ দায়িত্ব পালন করেন।
গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। নির্ধারিত পথে বহরটি যাতে কোনো বাধা ছাড়াই প্রকল্প এলাকায় পৌঁছাতে পারে, সে জন্য নেওয়া হয় বাড়তি সতর্কতা।
প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি চালানসহ মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব চালান সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের আশা, প্রয়োজনীয় প্রস্তুতি সময়মতো সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
তবে নির্ধারিত সময়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করা নির্ভর করবে প্রকল্পের কারিগরি প্রস্তুতি, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় অনুমোদনের অগ্রগতির ওপর।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন