
দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে রাজনীতিতে ভালো ও সৎ মানুষের অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
তিনি বলেন, ভালো রাজনীতিবিদ তৈরি করতে না পারলে দেশের উন্নয়ন ও অগ্রগতির যে স্বপ্ন দেখা হচ্ছে, তা কোনোভাবেই টেকসই হবে না।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
আন্দালিব রহমান বলেন, দেশের মানসম্মত উন্নয়ন নিশ্চিত করতে হলে ভালো মানুষদের নেতৃত্বে আসতে হবে। বর্তমানে রাজনীতিতে ভালো ও মেধাবী তরুণদের অংশগ্রহণ বাড়ানো জরুরি।
তিনি বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণদের একটি অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে। এর ফলে রাজনীতিবিদদের প্রতি মানুষের মধ্যে এক ধরনের অনাস্থাও তৈরি হয়েছে। এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও রাজনীতিতে আসতে আগ্রহী নয়।
রাজনীতির গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ভালো উপাদান থাকলেও দক্ষ বাবুর্চি না থাকলে যেমন ভালো খাবার তৈরি করা সম্ভব নয়, তেমনি ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফল টেকসই করা সম্ভব নয়।
বরিশালের ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ফুটবল, রাজনীতি ও বিভিন্ন ক্ষেত্রে বরিশাল এবং এ অঞ্চলের মানুষ দেশের নেতৃত্ব দিয়েছে। পাকিস্তান আমল থেকে স্বাধীনতার পর পর্যন্ত বরিশাল থেকে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসেছেন এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, বরিশালকে সত্যিকার অর্থে স্বপ্নের নগরী ও স্বপ্নের শহরে পরিণত করতে হলে আগামী দিনে ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে হবে। এজন্য বরিশালের আশপাশের সব নির্বাচনি এলাকা ও জেলা থেকে মেধাবী ও যোগ্য তরুণ-তরুণীদের রাজনীতিতে আসতে উৎসাহিত করতে হবে।
আন্দালিব রহমান বলেন, তরুণদের রাজনীতিতে আসার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। যারা বর্তমানে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, তাদের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসার পথ তৈরি করে দেওয়া।
তিনি আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ ও শিল্পায়ন এক ধরনের উন্নয়ন। তবে দেশের এখন প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর এই উন্নয়ন নিশ্চিত করতে হলে ভালো মানুষকে নেতৃত্বে আসতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, আমরা হয়তো অনেক কিছু তৈরি করে যেতে পারব, কিন্তু ভালো নেতৃত্ব তৈরি করতে না পারলে সেগুলো ধরে রাখা সম্ভব হবে না। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যোগ্য রাজনৈতিক নেতৃত্ব তৈরির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
বরিশাল থেকে শেরেবাংলা এ কে ফজলুল হকসহ অনেক বড় নেতা উঠে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও এ অঞ্চল থেকে যোগ্য ও ভালো নেতৃত্ব সামনে আসতে হবে।
তিনি বলেন, তরুণরা ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী কিংবা সফটওয়্যার প্রকৌশলী হওয়ার পাশাপাশি দেশের সবচেয়ে মেধাবী ও শিক্ষিত তরুণদের কেউ যদি রাজনীতিতে এসে দেশ পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেন, সেটিই দেশের জন্য ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন