
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন—এমন তথ্য প্রকাশের পর দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দাবি করেন, আগামী কয়েক দিনের মধ্যেই রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন।
তার পোস্টে আরও দাবি করা হয়, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে সরকার, বিএনপি কিংবা রাষ্ট্রপতির কার্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন। পাশাপাশি দীর্ঘদিনের শারীরিক সমস্যার চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যেতে পারেন বলেও আলোচনা রয়েছে। অতীতে তিনি সেখানে হৃদরোগের চিকিৎসা ও বাইপাস সার্জারি করিয়েছিলেন। তবে এসব তথ্যেরও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এর আগে রাষ্ট্রপতির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আবদুল মঈন খানের নাম আলোচনায় এলেও তাদের একজন গণমাধ্যমকে জানিয়েছেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন। এরপর সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন সময়ে তাকে অপসারণের দাবি উঠলেও তখন সাংবিধানিক জটিলতার কথা বলা হয়েছিল। বর্তমানে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা আসেনি।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন