
রংপুরের পীরগঞ্জে ছোট্ট একটি হোটেল চালিয়ে নিজের ভাগ্য বদলে দিয়েছেন তৃতীয় লিঙ্গের আব্দুর রহমান বাকি। সমাজের প্রচলিত পথ এড়িয়ে কঠোর পরিশ্রম আর সততার মাধ্যমে গড়ে তুলেছেন সফল ব্যবসা। বর্তমানে তার হোটেল থেকে মাসে লক্ষাধিক টাকা আয় হচ্ছে।
জানা গেছে, তৃতীয় লিঙ্গের অনেকেই চাঁদা তুলে জীবিকা নির্বাহ করলেও বাকি শুরু থেকেই সেই পথকে অপছন্দ করতেন। সম্মানের সঙ্গে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন থেকেই তিনি রান্নার কাজ শেখেন। প্রায় ১২ বছর রংপুর শহরের একটি সরকারি স্টাফ কোয়ার্টারে রান্নার কাজ করে অভিজ্ঞতা অর্জনের পর পীরগঞ্জ কলেজ রোডে একটি টিনের ছাপরায় চালু করেন ‘বাকি মামার হোটেল’।
ঘরোয়া স্বাদের খাবার, পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক ব্যবহারের কারণে অল্প সময়েই স্থানীয়দের আস্থা অর্জন করে হোটেলটি। বর্তমানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ সেখানে খাবার খেতে আসেন। ভিক্ষুক থেকে শুরু করে বিসিএস ক্যাডার—সবাই তার নিয়মিত ক্রেতা।
হোটেলের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। বর্তমানে সেখানে ৫ থেকে ৬ জন কর্মচারী কাজ করছেন।
ব্যবসার পাশাপাশি মানবিক উদ্যোগেও প্রশংসিত বাকি। যাদের খাবার কেনার সামর্থ্য নেই, তাদের বিনামূল্যে খাবার দেন তিনি। তার বিশ্বাস, মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় সম্পদ।
স্থানীয়রা জানান, বাকি প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি, পরিশ্রম ও সততা থাকলে যে কেউ সম্মানের সঙ্গে সফল হতে পারেন। তার এই সংগ্রাম ও সাফল্যের গল্প সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন