
শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরীক্ষা শেষ হলে আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করার আশা করছে কমিশন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এসব তথ্য জানান।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পাবলিক ও বার্ষিক পরীক্ষার সময়সূচি এড়িয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি কমিশন বিবেচনা করছে। নভেম্বর-ডিসেম্বরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা থাকায় এ সময়ে নির্বাচন আয়োজন করা কঠিন। পরীক্ষা শেষে জানুয়ারি থেকে নির্বাচন শুরু করা যেতে পারে বলে আশা করছে কমিশন।
তিনি জানান, এর আগে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরে দেখা যায়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এর পাশাপাশি বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমও পিছিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ সার্বিক বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
নির্বাচন পেছানোর অন্যতম কারণ হিসেবে পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের বিষয়টি তুলে ধরেছেন নির্বাচন কমিশনার।
তিনি বলেন, পাবলিক পরীক্ষার সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ও অন্যান্য দায়িত্বে নিয়োজিত থাকেন। একই সময়ে নির্বাচন আয়োজন করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া এবং নির্বাচনী দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচনের সময় পরিবর্তনের কথা ভাবা হচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সঙ্গে সরাসরি চিঠি চালাচালির কোনো নিয়ম বা নজির নেই বলে জানান আনোয়ারুল ইসলাম সরকার।
তবে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে সরকারের কাছে কোন কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আয়োজনের উপযোগী—সে বিষয়ে একটি স্পষ্ট তালিকা চাওয়া হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার আশা প্রকাশ করা হলেও এখনো কোনো চূড়ান্ত নির্বাচনী সময়সূচি ঘোষণা করা হয়নি। ভোটের সময় নির্ধারণের আগে শিক্ষা কার্যক্রম, পাবলিক পরীক্ষা, রমজান, ঈদ, পূজা এবং অন্যান্য বাস্তব পরিস্থিতি বিবেচনা করা হবে।
নির্বাচনের তারিখ পরিবর্তনের পেছনে সরকারের কোনো চাপ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন তারিখ পেছায়নি। বাস্তবতা, আইন ও সংবিধান বিবেচনা করেই কমিশন নির্বাচনের সময়সূচি নির্ধারণ করে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন