
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয় শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। এ ছাড়া আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়েছেন অন্তত ৪৫ জন। দগ্ধ ও আহতদের মধ্যে ৪৮ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে ফতুল্লার শান্তিধারা এলাকায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, রাতের দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয় বলে তাদের ধারণা। ওই সময় শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি ধোঁয়ায় কক্ষ আচ্ছন্ন হয়ে যায়। এতে ঘুমন্ত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে আরিফ (২২), আজিজুল হক সিয়াম (১৬), হাসনাত (২২), নাইমুল (১৫), ইউসুফ (১৮), তানভীর (২১), খাইরুল (২২), হেমায়েত উল্লাহ (২২), লাবিব (২২), আশরাফ (১৭) ও আবিদের (১৭) নাম জানা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসা থেকে ৪৮ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। অন্যদেরও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি জানান, খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশন ও শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বই ও মূল্যবান আসবাবপত্র পুড়ে মাদ্রাসার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন