
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় জরুরি সংস্কারকাজের কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ৫০ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত বিস্তৃত এ যানজটে হাজার হাজার যানবাহন আটকা পড়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া এ যানজট শনিবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়া বিদেশগামী যাত্রীসহ দূরপাল্লার যাত্রীরা পড়েছেন বড় ধরনের বিপাকে।
সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়। সময়ের সঙ্গে গর্তটি আরও বড় হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার বেলা ১১টার দিকে সেখানে জরুরি সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ।
সংস্কারকাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি লেন বন্ধ রাখা হয়। ফলে অন্য একটি লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করতে থাকায় ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে। একপর্যায়ে সেই চাপ দীর্ঘ যানজটে রূপ নেয়।
শনিবার অতিরিক্ত যানবাহনের চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একটি লেন দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করায় যানজট ধীরে ধীরে কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৫০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
দীর্ঘ সময় যানজটে আটকে থাকা স্টার লাইন বাসের চালক ইয়াহিয়া জানান, শুক্রবার মধ্যরাত থেকে তিনি যানজটে আটকে আছেন। দীর্ঘ সময় একই স্থানে দাঁড়িয়ে থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে বলে জানান তিনি।
সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ বলেন, কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। প্রায় আট ঘণ্টা ধরে তিনি যানজটে আটকে আছেন।
মেঘনা টোলপ্লাজা এলাকায় আটকে থাকা মাহাবুব নামে এক যাত্রী বলেন, ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও যানবাহন খুব ধীরে এগোচ্ছে। দীর্ঘ যানজটের কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের মূল কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় চলমান সড়ক সংস্কারকাজ। মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
অন্যদিকে কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের একটি লেনে জরুরি সংস্কারকাজ চলছে। ফলে একটি লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করানো হচ্ছে। এতে যানবাহনের চাপ বেড়ে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। সংস্কারকাজ শেষ হলে এবং যানবাহনের চাপ কমে এলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন