
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাকে আরও আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব করতে সরকার শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। তিনি জানান, আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে।
রোববার (১৪ জুন) রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত ‘বাংলাদেশ শিক্ষা খাত বিশ্লেষণ (ইএসএ) ২০২৬’ বিষয়ক যাচাইকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য শিগগিরই ‘মিড-ডে মিল’ বা দুপুরের খাবার কর্মসূচি চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং পুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, সরকার চায় শিক্ষার্থীরা প্রাথমিক স্তর থেকেই নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে গড়ে উঠুক। এ লক্ষ্য সামনে রেখে প্রাথমিক শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিক শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে ড. এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের জনমিতিক লভ্যাংশকে কাজে লাগাতে শিক্ষা খাতে বিনিয়োগ ও সংস্কার অব্যাহত রাখতে হবে। দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, ক্যাম্পের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সসহ শিক্ষা খাতের বিভিন্ন উন্নয়ন অংশীদার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র:
কর্মশালা, শিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় / ইউনিসেফ বাংলাদেশ।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন