
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) নেবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। এ বিষয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই। স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোথাও নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হয়নি।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। একইভাবে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান বা মেয়র ও কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদেও প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই।
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, স্থানীয় সরকার আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রজাতন্ত্র, পরিষদ বা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষের কোনো লাভজনক সার্বজনীন পদে অধিষ্ঠিত থাকলে তিনি নির্বাচনে অযোগ্য হতে পারেন।
অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ), জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’-এর বিধি ১১-এর ১৭(খ) উপধারায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একাধিক পদ বা আর্থিক লাভজনক পদে থাকার বিষয়ে বিধান রয়েছে।
ওই নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সময়ে একাধিক পদ বা চাকরিতে কিংবা আর্থিকভাবে লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবেন না। আর্থিক লাভজনক পদের মধ্যে সরকার প্রদত্ত বেতন, ভাতা ও সম্মানির পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, বিশ্ববিদ্যালয় বা আইন পেশার বিনিময়ে পাওয়া বেতন-ভাতা ও সম্মানিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলে জানিয়েছেন মীর শাহে আলম।
তিনি বলেন, নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই স্থানীয় সরকার আইন এবং শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৫ সালের এমপিও নীতিমালা পর্যালোচনা করে কমিশনই ঠিক করবে, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না।
প্রতিমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের আইনগত মতামতের প্রয়োজন হলে বা কোনো ব্যাখ্যা প্রয়োজন হলে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে বিষয়টি পাঠাতে পারে। তখন আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যমান স্থানীয় সরকার আইনগুলোতে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের বিভিন্ন নির্বাচিত পদে প্রার্থী হওয়ার জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি।
তবে প্রার্থীদের অন্যান্য যোগ্যতা ও অযোগ্যতার বিষয়গুলো সংশ্লিষ্ট আইন, নির্বাচন বিধিমালা এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন