
দেশের মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের সব মহাসড়কে থ্রি হুইলার যানবাহন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত এআই ক্যামেরার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে অতিরিক্ত গতি, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিং ও অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে এসব অপরাধ শনাক্ত করে সংশ্লিষ্ট যানবাহনের তথ্য সংগ্রহ করবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ প্রযুক্তি চালু করা হলেও পরীক্ষামূলক কার্যক্রম শেষে দেশের অন্যান্য মহাসড়কেও এটি সম্প্রসারণ করা হবে। কোনো ত্রুটি ধরা পড়লে তা দ্রুত সংশোধন করা হবে।
নতুন চালু হওয়া অটো ফাইন সিস্টেমের আওতায় ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে। একই সঙ্গে অপরাধের ধরন ও জরিমানার পরিমাণও উল্লেখ থাকবে।
জরিমানার অর্থ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সালাহউদ্দিন আহমদ বলেন, মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলাচল করতে দেওয়া হবে না। তারা মহাসড়কে উঠলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, মহাসড়কে চাঁদাবাজি রোধেও এআই ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মালিকপক্ষ কিংবা শ্রমিকপক্ষ—যেই চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকুক না কেন, সব কার্যক্রম ক্যামেরার আওতায় থাকবে।
হাইওয়ে পুলিশের মতে, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা কমানো এবং আইন প্রয়োগের ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে বেপরোয়া গতি ও উল্টো পথে যান চলাচলের মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এটি সহায়ক হবে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন